২৪ মে ২০২৬ রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মফেজ আলী ও লাইলি আক্তার।
গত শনিবার জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে অবস্থিত লাইলি বেগমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি বিশেষ টিম। অভিযানে বাড়িটি থেকে ৩৫টি বস্তায় সংরক্ষিত মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযান শেষে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে একটি চক্র বিপুল পরিমাণ মাদক মজুদ করে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, চলতি মে মাসে রাজশাহী বিভাগের ৮ জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৫১৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ভারত থেকে সীমান্ত পেরিয়ে বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। এসব মাদক চোরাচালান ও কারবারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে