রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেত্রকোণা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য পদ হারান রুহী।