ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— হেলাল উদ্দিন ও জসিম উদ্দিন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার গাঙ্গীনার পার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গাঙ্গীনার পার এলাকায় হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস দলের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযান চলাকালীন মাদক সেবনের অপরাধে হেলাল ও জসিমকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী উভয়কে ৬ মাসের কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গাঙ্গীনার পার এলাকায় মাদক সেবনের দায়ে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। এলাকার যুবসমাজকে রক্ষায় এবং জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।