ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন মসজিদ সংলগ্ন এলাকায় দাফনের ১৯ দিন পর এক নারীর কবর থেকে সুমিষ্ট আতরের ঘ্রাণ বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মৃত্যুবরণ করা বৃদ্ধ আমেনা বেগম (৭৫)কে ওই কবরস্থানে দাফন করা হয়। দাফনের প্রায় ১৯ দিন পর হঠাৎ করেই তার কবরের আশপাশ থেকে মনোমুগ্ধকর আতরের ঘ্রাণ অনুভূত হতে থাকে। বিষয়টি প্রথমে কয়েকজন স্থানীয় ব্যক্তি টের পেলেও পরে তা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ কবরস্থানে ভিড় জমাতে শুরু করেন। অনেকেই ঘটনাটিকে আল্লাহর বিশেষ রহমত ও মরহুমের নেক আমলের প্রতিদান হিসেবে দেখছেন। কেউ কেউ কবরের পাশে গিয়ে দোয়া ও মোনাজাতও করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা আগে কখনও এমন ঘটনা প্রত্যক্ষ করেননি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে কোনো ধর্মীয় বা বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। স্থানীয় আলেমরা এ ধরনের ঘটনায় বাড়াবাড়ি না করে মরহুমের জন্য দোয়া করার এবং ইসলামের মূল শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঘটনাটি বর্তমানে ভেদুরিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।