ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের শংকরপাশা এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে ২০২৬) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব ৪-১৫-৬৪৩৫ নম্বরের একটি বিআরটিসি বাস ভাঙ্গাগামী পথে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-১-১১-২২২৯ নম্বরের ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন নিহত হন এবং অ্যাম্বুলেন্স চালকও নিহত হন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতরা হলেনঃ মোঃ জাহাঙ্গীর মোল্যা (৬২),আলমগীর হোসেন মোল্লা (৫৮)মাহেদা আক্তার (৪৮)মোছাঃ খুরশিদা বেগম (৪৫),তারা সবাই মাদারীপুর জেলার মোস্তাপুরের বালিয়া গ্রামের একই পরিবারের সদস্য।
এছাড়া নিহত অ্যাম্বুলেন্স চালক কাওছার মাতুব্বর (২৬) মাদারীপুর জেলার সৈদার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ভাঙ্গা ফায়ার সার্ভিস, নগরকান্দা ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।”
ভাঙ্গা ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, “অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “সংঘর্ষের শব্দ অনেক ভয়াবহ ছিল। মুহূর্তের মধ্যেই চারদিকে চিৎকার শুরু হয়। আমরা স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে যাই।”
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।