রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের কর্মস্থলে হাজির হয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন ৩২ বছর বয়সী এক নারী। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ অফিসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সেখানে সমাধান না পেয়ে ওই নারী রংপুর মহাসড়কে গিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে পুলিশ তাকে উদ্ধার করে।
অভিযুক্ত ফিরোজ হোসেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) হিসেবে কর্মরত। ভুক্তভোগী নারীর দাবি, ফিরোজ তাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকার সুবাদে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এখন বিয়ে নিয়ে টালবাহানা করছেন ফিরোজ। এর আগেও বিয়ের দাবিতে ওই নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ফিরোজ হোসেন অফিসে প্রবেশ করা মাত্রই ওই নারী তাকে জাপটে ধরে বিয়ের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে অফিস প্রাঙ্গণে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে অফিস থেকে সরিয়ে নেয়।
অফিস থেকে বের হয়ে ক্ষোভে ও অভিমানে ওই নারী রংপুর মহাসড়কে লুটিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বর্তমানে তিনি দাবি আদায়ে অফিসের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তার সাফ হুঁশিয়ারি— “বিয়ে না করলে এখানেই জীবন দেব।”
তবে অভিযুক্ত ফিরোজ হোসেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুরো তারাগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।