বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে রক্তদানে উৎসাহিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন পটিয়া। গতকাল রবিবার (১৪জুন) বিকেলে পটিয়া রেলস্টেশন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর আলম। সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সহসভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনা। বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন স্বেচ্ছায় রক্তদাতা কয়েক মিনিট সময় ব্যয় করে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দেশে এখনো নিরাপদ রক্তের চাহিদা অনেক বেশি। তাই তরুণ সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।