বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শনিবার (১৫ আগস্ট) তিনি হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়েও জানতে চান। রোগীরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তার কাছে তুলে ধরেন।
পরিদর্শনকালে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন। হাসপাতালের চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে রোগীদের সেবা দিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও নিম্নআয়ের মানুষের প্রতি আরও আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা জরুরি।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, কোতয়ালী উত্তর থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান, ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। হাসপাতাল পরিদর্শন শেষে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।