বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়ে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গুরুতর আহত করেছে কুখ্যাত ডাকাত সিরাজুল ইসলাম ওরফে কালু। গত শুক্রবার বিকেলে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দুদাহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত এবং ডাকাতি, চুরি ও অস্ত্রসহ অন্তত ১৬টি মামলার আসামি কালু ডাকাতের অবস্থান নিশ্চিত হয়ে এসআই মনজয় কুমার কুন্ডুর নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই কালু বাড়ির ছাদে উঠে চিৎকার করে বলেন, “ডাকাত এসেছে, যার যা আছে নিয়ে বাইরে বের হও।”
তার ডাক শুনে বাড়ির নারী-পুরুষ লাঠিসোটা হাতে একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় ছাদ থেকে ছোড়া ইটের আঘাতে এসআই মনজয় কুমারের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা তার মাথায় সাতটি সেলাই দেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহিন জানান, কালু ডাকাতের বিরুদ্ধে রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১৬টি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কুখ্যাত এ ডাকাতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।