দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সোনাপুকুর গ্রামে জমি জবরদখল ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় মোছাঃ বিউটি নামে এক নারী প্রতিপক্ষের বিরুদ্ধে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেনগত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ নুর আলম, আব্দুল হক, আব্দুল রউফসহ প্রায় ৯ জন বিবাদী ৩০-৪০ জন ভাড়াটে লোক নিয়ে তার দখলীয় জমির গাছপালা কেটে ফেলে। এসময় বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা ও হাসুয়া নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা তাদের বাড়িতে প্রবেশ করে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে গরু ফেরত চাইতে গেলে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। বর্তমানে বিবাদীরা বাড়ির আশপাশে অবস্থান নিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় আনারুল, তানজিরুল ও ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী মোছাঃ বিউটি বিষয়টি সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।