কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (১২ জানুয়ারি) রাতে টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র্যাব-১৫ কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ-শাহপরীর দ্বীপগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সিএনজি চালক সাইফুল ইসলাম (২১)-এর দেখানো মতে যাত্রী বসার স্থানের পেছনে মালামাল রাখার জায়গা থেকে একটি লাল-সাদা রঙের কার্টনের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৫০০টি বায়ুরোধক নীল জিপারযুক্ত পলিপ্যাকেট ছিল। এসব পলিপ্যাকেটের প্রতিটিতে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সবমিলিয়ে উদ্ধার করা হয় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা।
এছাড়াও অভিযানে একটি VEGA কোম্পানির বাটন মোবাইল ফোন, বাংলাদেশি মুদ্রা এক হাজার টাকা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সাইফুল ইসলাম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকার বাসিন্দা। তিনি নাজির হোসেন ও মরিয়ম বেগমের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।