টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল জেলা অটো টেম্পো, অটো রিকশা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতির ধনবাড়ী শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিক সমিতির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার অটো টেম্পো, অটো রিকশা ও সিএনজির মালিক ও শ্রমিকদের উপস্থিতিতে সমিতির উদ্বোধনী কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগেই সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
আয়োজকদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বিরোধী পক্ষের একদল লোক অনুষ্ঠানস্থলে এসে অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উদ্বোধনী অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
হামলায় মালিক সমিতির কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
টাঙ্গাইল জেলা অটো টেম্পো, অটো রিকশা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতির ধনবাড়ী শাখার নেতারা দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছিলেন। কিন্তু অনুষ্ঠানটি বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
মালিক সমিতির সভাপতি মিঠুন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করতে চেয়েছিলাম। কিন্তু একটি পক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দেয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করে আরও বলেন, কছরের নেতৃত্বে মাসুদ (৫০), সিহাব (৫০), রজনু (৩০), সোহেল (৪০), আনিস (৩৬) ও মালেক (৬৪)সহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে তাদের কয়েকজন নেতা-কর্মী আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ধনবাড়ী থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কছরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি