কক্সবাজারের চকরিয়ায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর অর্থায়নে ম্যাক্স ও টোকিও’র আয়োজনে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় প্রকল্প এলাকার মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যাক্স ও টোকিও প্রকল্প প্রধান ম্যানেজার শাহ আহমেদ সুফি, এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহীমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন হলে চকরিয়া ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং বাণিজ্যিক কার্যক্রমে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, সরকারের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর অন্যতম। জাইকার অর্থায়নে বাস্তবায়িত এই সংযোগ সড়ক প্রকল্প দেশের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।