ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী,ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,সাবেক সাংগঠনিক সম্পাদক, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক,কোতোয়ালি থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক,ময়মনসিংহ দক্ষিণ জেলা ও কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা মুঞ্জুরুল হক মুঞ্জুর পক্ষে তার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা আগস্ট ) সন্ধ্যায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাড়াইল বাজারে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল হক মুঞ্জু বলেন,১১নং ঘাগড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন- নতুন উন্নয়নের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল হক মুঞ্জুর কাছে তাদের প্রত্যাশার কথা জানান। সভাটি প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্বের মধ্য দিয়ে শেষ হয়।
চেয়ারম্যান প্রার্থী মুঞ্জুরুল হক মুঞ্জু আরও বলেন, সরকারি সব সুযোগ- সুবিধা যেন প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে পৌঁছায়, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এসময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেন।
এলাকার স্থানীয়রা জানান- মুঞ্জুরুল হক মুঞ্জু একজন তরুণ, কর্মঠ এবং পরিচ্ছন্ন ইমেজের মানুষ হওয়ায় সাধারণ মানুষের মাঝে তার পক্ষে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে ১১ নং ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা মুঞ্জুরুল হক মুঞ্জুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে তাকে নির্বাচিত করে সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে উন্নয়ন কর্মকান্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।