রাজধানীর ওয়ারী এলাকার কাপ্তান বাজারস্থ রাত্রিকালীন পাইকারি মুরগী বাজারের বৈধ ইজারাদার প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেড-এর ওপর চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের একের পর এক হামলা, ভয়ভীতি ও চাঁদাবাজির ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন।
তিনি জানান, দক্ষিণ সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক কার্যাদেশ অনুযায়ী (অর্ডার নং ৪৬.২০৭,০০০,১৩,০২,৬৯৭১, ২০২৩/৭২৭, তারিখ: ১৯ নভেম্বর ২০২৫) বৈধ প্রক্রিয়ায় দরপত্রের মাধ্যমে আগামী ১ বছরের জন্য বাজারটির ইজারা পান তারা। কিন্তু দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই ইমদাদ পাটোয়ারী, নুরু ইসলাম, জুম্মনসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র বাজার দখল করে ইজারার কার্যক্রম বন্ধ করে দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
অভিযোগে বলা হয়, ২৩ নভেম্বর রাত থেকে বাজারটি জোরপূর্বক বন্ধ করে রাখা হয়। ২৪ ও ২৫ নভেম্বর বৈধভাবে রাজস্ব সংগ্রহে গেলে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের ইজারা কার্যক্রমে বাঁধা দেয়। প্রতিদিন ৬ লাখ টাকা ও এককালীন ৫০ লাখ টাকা ‘চাঁদা’ দাবি করা হয়। এমনকি ২০০টি দোকান সন্ত্রাসীদের নামে লিখে দেওয়ার চাপও সৃষ্টি করা হয়।
৬ ও ১২ ডিসেম্বরের ঘটনায় প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা-কর্মচারী গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। শাহজামানসহ আহতদের মধ্যে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ইজারার অর্থ ছিনতাই, অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, জীবন্ত পুড়িয়ে ফেলার ভয়ভীতি এবং বাজার ৩ দিন বন্ধ করে দেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়।
ভুক্তভোগীরা জানান, তারা পুলিশ কমিশনার, ডিবি, ডিসি (ওয়ারী), র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করলেও এখনো পর্যন্ত ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ফলে সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে, ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ঢাকা প্যাসিফিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন—
“এটি শুধু একটি প্রতিষ্ঠানের লড়াই নয়, এটি আইনের শাসন ও ন্যায়বিচারের প্রশ্ন। আমরা চাই বৈধ ইজারাদারের নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।”
তিনি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানবাধিকার সংস্থার নিকট জরুরি হস্তক্ষেপের দাবি জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় রাজস্ব আদায় ও নিরীহ মানুষের নিরাপত্তার স্বার্থে দেরি না করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
ঢাকা প্যাসিফিক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুণী মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমধ্যমকে এসব তথ্য জানান। এসময় অন্যান্য ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।