সিলেটে আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে গতকাল ১০ আগস্ট সন্ধ্যার পর সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান এসআই আকবর।
সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ রোববার আমাদের কাছে পৌঁছায়। পরে সবকিছু যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পরপরই আকবরকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।