বরগুনায় নির্মাণাধীন বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছেন, কার্বন মনোক্সাইড ও ফসজিন গ্যাসের বিষক্রিয়ায় শ্রমিকদের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে আমতলী একে স্কুলসংলগ্ন মাওলানা মো. ইউসুফ আলীর নবনির্মিত ভবনে এ ঘটনা ঘটে। তিনি বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। নিহতরা হলেন উপজেলার হলদিয়া গ্রামের মো. জাহিদুল হাওলাদার। তার বাবার নাম আজিজ হাওলাদার। অপর নিহত হলেন বেতমোরা গ্রামের মো. জাফর হাওলাদার। তার বাবার নাম ইউনুস মিয়া।
ফায়ার সার্ভিস ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ইউসুফ আলী একে স্কুল এলাকায় নতুন পাকা ভবন নির্মাণ করছিলেন। ওই ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিক জাহিদুল ইসলাম ও জাফর হাওলাদার সেখানে যান। শ্রমিক জাহিদুল ট্যাংকের ভেতরে নামামাত্রই চিৎকার দেন। তাকে উদ্ধার করতে গিয়ে শ্রমিক জাফর হাওলাদারও ট্যাংকের মধ্যে নামেন। কিন্তু তিনিও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।