১৫ মার্চ ২০২৬ রবিবার পর্দা নামছে বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বইমেলার। “বহুমাত্রিক বাংলাদেশ”- এই প্রতিপাদ্যে ভাষার মাস ফেব্রুয়ারির ২৬ তারিখ থেকে বাংলা একাডেমির আয়োজনে রাজধানীর বাংলা একাডেমি ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনে মেলা শুরু হয়েছিল। তবে দীর্ঘদিনের ঋতি অনুযায়ি বইমেলা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হবার কথা থাকলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিলম্বে মেলা শুরু হয়।
এবার অমর একুশে বইমেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অন্য বছরের তুলনায় একটু ভিন্ন আবহে ও সংক্ষিপ্ত পরিসরে রোজার মধ্যে মেলা শুরু হলেও শেষ দিকে এসে জমে ওঠে মেলাটি। ফলে মেলাটি পরিণত হয় লেখক,পাঠক, দর্শনার্থীদের মিলনমেলায়। অবশেষে আজ রাত ৯ টায় পর্দা নামবে ১৮ দিনের এই প্রাণের বইমেলাটির।
অন্য দিনের মতো আজও মেলা শুরু হবে দুপুর ২ টায়। বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’—এর সদস্য সচিব ডক্টর মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আজ সমাপনী অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।