বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের বিরলে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিরল পৌরশহরের নয়ামেলা এলাকা থেকে উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের দুলহরী গ্রামগামী সড়কের দুই পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাকি ও রেজাউল ইসলাম বাদশা।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন পৌর বিএনপির সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ ও আকতারুজ্জামান বাদল, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ৫ নম্বর বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিবসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।