আশুলিয়ার আলিয়া মাদ্রাসা রোডে অবস্থিত ক্লথিং কার্নিভালস লিমিটেডের ১৬০ শ্রমিক-কর্মচারীর তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে প্রতিবাদী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী এবং সংগঠনের সভাপতি মো. আক্কাছ আলী সাগর।
বক্তারা বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সচল রাখলেও তাদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে শ্রমিক ও তাদের পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে আগামীকাল ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ করা না হলে শ্রমিকদের স্বার্থে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
শ্রমিক নেতারা দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।