রংপুরের তারাগঞ্জে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মোতাহার হোসেনকে (৪১) গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের জদ্দি পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোতাহার হোসেন কুর্শা ইউনিয়নের জদ্দি পাড়া গ্রামের আবুল সরকারের ছেলে। স্থানীয়ভাবে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন।
তারাগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে নিজ বাড়ি থেকে মোতাহারকে আটক করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মোতাহার হোসেন এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে তালিকাভুক্ত। তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলার ভিত্তিতেই এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।