পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, বরিশাল অঞ্চলের উদ্যোগে বরিশাল গাইড হাউজে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। গার্ল গাইডসের মতো সামাজিক ও সেবামূলক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার (চলতি দায়িত্বে) জাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা বুলবুল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গাইড ও রেঞ্জার, স্থানীয় কমিশনার এবং শতাধিক গাইড সদস্য অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে অতিথি ও গাইড সদস্যরা গাইড হাউজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।