ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. জসিম হোসেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মানহানির অপচেষ্টা এবং তাকে ও তার কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনায় তিনি বিএনপি নেতা পিয়ার আলী ও তার ছেলেকে দায়ী করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গত শুক্রবার (১০ জুলাই) রাতে আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জসিম হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তাকে জনসম্মুখে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা পিয়ার আলী ও তার ছেলে এসব অপপ্রচারের সঙ্গে জড়িত। পাশাপাশি তারা তার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হামলার হুমকি এবং হয়রানি করে আসছেন বলেও দাবি করেন।
জসিম হোসেন আরও বলেন, শুক্রবার তার উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভা বানচালের উদ্দেশ্যে তার কয়েকজন কর্মী-সমর্থককে মুঠোফোনে এবং সরাসরি হুমকি দেওয়া হয়, যাতে তারা ওই সভায় অংশগ্রহণ না করেন।
তিনি জানান, পুরো বিষয়টি উল্লেখ করে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ও তার কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বিএনপি নেতা পিয়ার আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে, অথবা অভিযোগ পেয়ে থাকলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”