চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের পক্ষ থেকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসন, প্রকৌশল ও অর্থ বিভাগের তিনজন উপব্যবস্থাপনা পরিচালককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় চট্টগ্রাম ওয়াসার ২৪২ জন কর্মকর্তা ও কর্মচারীকে দীর্ঘ কয়েক বছর পর পদোন্নতি দেওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য মূল্যায়ন হওয়ায় কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।
শ্রমিক কর্মচারী দলের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো কর্মকর্তা বা কর্মচারীর পেশাগত যোগ্যতা ও কর্মদক্ষতাকে অবমূল্যায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নের ধারা অব্যাহত রাখবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মানিক, সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ন সম্পাদ ক আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মোহাম্মদ খোকন, ফরহাদ হোসেন, গোলাম মোহাম্মদ গাজী, কামাল আবছারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।