মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি পাটক্ষেত থেকে সাকিবুল (১৬) নামে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরের দিকে উপজেলার বলধরা ইউনিয়নের নবগ্রাম কাশতা এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গোবিন্দপুর গ্রামের রহম আলী টুলু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পরিবারের আর্থিক দায়িত্ব ভাগাভাগি করতে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিবুল। রাতে তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন ভোরে নবগ্রাম কাশতা এলাকার একটি পাটক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। ঘটনাস্থলের পাশ থেকেই সাকিবুলের ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া তার মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসবের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।”