মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে ক্ষতিকর কেমিক্যাল ও হাইড্রোজ মিশিয়ে জিলাপি তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার জাফরগঞ্জ বাজারের ‘মামা ভাগিনা হোটেল অ্যান্ড সুইটস’-এ সরিষার তেলের পরিবর্তে কৃত্রিম রং ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে এই জিলাপি ভাজা হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দোকানটির মালিক সঞ্জয় দত্ত এ ধরনের অস্বাস্থ্যকর ও বিষাক্ত খাবার বিক্রি করে আসছেন। সরিষার তেলের নামে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে তৈরি এসব জিলাপি শিশুসহ সব বয়সের মানুষ খাচ্ছেন। খাদ্যে বিষাক্ত কেমিক্যালের ব্যবহারের ফলে সাধারণ মানুষের মধ্যে ক্যানসারসহ মারাত্মক জটিল রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে এই অনিয়ম ও দুর্নীতির সত্যতা যাচাই করতে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো. বাদশা মিয়া ওই প্রতিষ্ঠানে গেলে তাকে হেনস্তার শিকার হতে হয়। সংবাদ সংগ্রহকালে অভিযুক্ত সঞ্জয় দত্ত ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজনকে উসকানি দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করেন এবং ওই সাংবাদিককে অবরুদ্ধ করে হামলার চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক সঞ্জয় দত্তের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে এমন ক্ষতিকর খাদ্যপণ্য তৈরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।