শত্রুতা থাকলে আমাকে দুইটা কোপ দিত, আমার পুকুরের মাছগুলো কেন মেরে ফেলল?” আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন পটিয়ার মৎস্যখামারি মোরশেদুল আলম। তার দাবি, দুর্বৃত্তরা শত্রুতাবশত তার লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মাছ ও পোনা নিধন করেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। ক্ষতিগ্রস্ত মৎস্যখামারি মোরশেদুল আলম বলেন, “আমার ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নেই। যারা এ কাজ করেছে, তারা আমার সব শেষ করে দিয়েছে।” জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে মোহাম্মদ জাকিরের লিজ দেওয়া একটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে অসংখ্য মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি জানতে পারেন। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর স্থানীয় মৎস্যচাষীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় বিএনপি নেতা মুহাম্মদ ইসহাক বলেন, “মাছ তো বোবা প্রাণী। এদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ সত্যিই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি দেখলাম।” খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। এ ঘটনায় পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”