তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করেছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। উদ্ধার করা এসব মোবাইল ফোন রোববার (৬ সেপ্টেম্বর) প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।রোববার রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সেগুলোর অবস্থান শনাক্তের উদ্যোগ নেয় সাইবার ক্রাইম মনিটরিং সেল। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থান থেকে অভিযান ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে ৬১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের সময় তাদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা রাঙামাটি জেলা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।জেলা পুলিশ জানায়, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হচ্ছে। বিশেষ করে মোবাইল ফোন উদ্ধারে সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রম অব্যাহত থাকবে।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ বলছে, জনসেবায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছে।