স্থানীয় যুব সংগঠনের খবরের ভিত্তিতে বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা আবু তাহের (৩৫) ও হাসান মিয়া (২৭)।
শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা তাদের তল্লাশি করেন। এ সময় তাদের প্যান্টের পকেট থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যুব সংগঠনের সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমকে অবহিত করেন।
সংবাদ পেয়ে ইউএনও আলীকদম থানার রাত্রীকালীন মোবাইল ডিউটি টিমকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ইয়াবাসহ আবু তাহের ও হাসান মিয়াকে আটক করেন।
ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদকালে আটককৃত ব্যক্তিরা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন (মোবাইল কোর্ট মামলা নম্বর: ৫৪/২০২৬, তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুই আসামিকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর কোর্টে পাঠানো হয়েছে। এদিকে সীমান্তবর্তী ও দুর্গম এই উপজেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।