নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩৩) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ।
আবু হানিফ মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরাপুর গ্রামের বাসিন্দা। এর আগে একই দিন ভুক্তভোগী ২০ বছর বয়সী এক তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ ভুক্তভোগীর চাচাতো বোনের স্বামী। প্রায় নয় মাস আগে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সিলেটে নিয়ে একটি ভাড়া বাসায় রাখেন তিনি। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে বিয়ের জন্য ওই তরুণী বারবার অনুরোধ করলেও হানিফ বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বিষয়টি হানিফকে জানালে তিনি গর্ভপাতের জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর এবং অনাগত সন্তানসহ তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, অভিযোগের ভিত্তিতে হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
তিনি বলেন, মামলাটির তদন্ত দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।