প্রাণিসম্পদের মারাত্মক সংক্রামক রোগ পিপিআর (PPR) প্রতিরোধে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গবাদি ( ছাগল-ভেড়া) পশুকে টিকা প্রদান করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাঘার উদ্যোগে আলাইপুর গ্রামের নাপিতপাড়া মোড়, মধ্যপাড়া, হাজামপাড়া মোড় ও সরকারপাড়া এলাকায় এ টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। মাঠকর্মীরা খামারিদের বাড়িতে গিয়ে ছাগল ও অন্যান্য গবাদি পশুকে পিপিআরসহ প্রয়োজনীয় প্রতিষেধক টিকা প্রদান করেন। একই সঙ্গে প্রাণিপালকদের প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা, সুষম ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আবদুল মালেক।
তিনি জানান, পিপিআর (Peste des Petits Ruminants) ছাগল ও ভেড়ার একটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা প্রদান করলে এ রোগের সংক্রমণ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ লক্ষ্যেই সরকার প্রাণিসম্পদ সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
তিনি আরও বলেন, নিয়মিত টিকাদান, নির্ধারিত সময়ে কৃমিনাশক প্রয়োগ, সুষম খাদ্য নিশ্চিতকরণ এবং রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রতিটি খামারির দায়িত্ব। এতে প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, রোগের ঝুঁকি কমবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।
এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিপুল সংখ্যক খামারি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী খামারিরা এ ধরনের বাড়ি বাড়ি টিকাদান কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানান।