জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে রাশেদুল ইসলাম (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশখুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ওই গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে রাশেদুল ইসলাম উপজেলার শালাইপুর বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বাঁশখুর গ্রাম এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, যুবক রাশেদুলেন এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।