“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সূচনা হলো ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে সাধারণ জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী এই মৎস্য পক্ষ উদযাপিত হবে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য পক্ষের সূচনা করা হয়। পরে ব্যানার ও ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক-এর সভাপতিতে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, বীর মুক্তিযোদ্ধা মো. সিদিকুর রহমান সিদ্দিক, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম। অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ে সফল উদ্যোক্তা ও মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।