কক্সবাজারের টেকনাফে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব-১৫। র্যাব-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের ফতুর বাসিন্দা করিম আলী (৩২) এবং মংডুর দালিয়া পাড়ার বাসিন্দা হাসান আরাফাত (৩৮)। র্যাবের ভাষ্য, তারা মিয়ানমারের নাগরিক।
র্যাব জানায়, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ইয়াবার চালান প্রবেশের তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। পরে ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫ আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ১০ দিনে প্রায় ৮ লাখ পিস ইয়াবা, ৭২ দশমিক ২ কেজি বিভিন্ন ধরনের মাদক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ মোট ৪২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক চোরাচালান বন্ধে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।