কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা—তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান—প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে জেলার শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
পরিবার ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত ও শিষ্ট স্বভাবের। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ এবং শিক্ষকদের নির্দেশনা আন্তরিকভাবে অনুসরণের ফলেই তারা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
তিন কন্যার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সন্তানের এমন অর্জনে গর্বিত বাবা-মা সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে কন্যাদের উত্তম জ্ঞান, নৈতিক মূল্যবোধ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বলেন, “যমজ তিন শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। তারা ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
একই পরিবারের তিন বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের এই সাফল্য শুধু তাদের পরিবারের জন্যই নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও একটি অনুপ্রেরণাদায়ক ও গর্বের অধ্যায় হয়ে থাকবে।