ঘুরতে নেওয়ার নামে দুই সন্তানকে পানিতে ফেলে হত্যা, স্বামীর বিরুদ্ধে-স্ত্রী’র,মামলা।
শফিকুল বারী সুনামগঞ্জ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের দুই শিশু সন্তানকে পানিতে ফেলে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে এক পাষণ্ড বাবার বিরুদ্ধে। নিহত শিশুরা হলো—৭ বছর বয়সী মোহাদ্দিছ এবং ৪ বছরের তুলনা আক্তার। নির্মম এই ঘটনায় অভিযুক্ত পিতা কামরুল জামান ওরফে কামরুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্তানহারা মা আফরোজা বেগম বাদী হয়ে ঘাতক স্বামীর বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় ফেরিওয়ালা কামরুল জামানের সঙ্গে প্রায় ১০ বছর আগে বিয়ে হয় আফরোজা বেগমের। তাঁদের সংসারে চার সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কামরুলের কলহ চলছিল।
এই পারিবারিক বিরোধের জেরে গত ৭ আগস্ট (শুক্রবার) কাউকে কিছু না জানিয়ে দুই সন্তান মোহাদ্দিছ ও তুলনাকে ঘুরতে নিয়ে যান।
মামলার এজাহার অনুযায়ী, গত ১০ আগস্ট কামরুল একাকী বাড়িতে ফিরে এলে পরিবারের লোকজনের নানামুখী প্রশ্নের মুখে পড়েন। একপর্যায়ে তিনি নিজের সন্তানদের নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেন।
তিনি জানান, ৯ আগস্ট রাতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় চার বছরের মেয়ে তুলনাকে বাস থেকে নামিয়ে পানিতে ফেলে দেন। পরবর্তীতে অন্য একটি বাসে উঠে সুনামগঞ্জ সদরের গোবিন্দপুর এলাকায় নিয়ে গিয়ে ঘুমন্ত অবস্থায় সাত বছরের ছেলে মোহাদ্দিছকেও একইভাবে পানিতে ফেলে হত্যা করেন।
তথ্য পেয়ে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর থানা পুলিশ পৃথক এলাকা থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে মা আফরোজা বেগম সন্তানদের মরদেহ শনাক্ত করলে ময়নাতদন্ত শেষে ধর্মীয় নিয়ম অনুযায়ী তাদের দাফন সম্পন্ন হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবা নিজেই পরিকল্পিতভাবে পৃথক দুটি স্থানে নিয়ে গিয়ে দুই সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন। অভিযুক্ত কামরুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ ছাড়া অন্য কোনো কারণ বা অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এই লোমহর্ষক ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম ক্ষোভ ও শোকের মাতম চলছে।