খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে বার্মিজ পাইথন প্রজাতির অজগর (বৈঙ্গানিক নাম-Python bivittatus) উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯) জুন সকালে উপজেলার উত্তর হাচিনসনপুর এলাকার নালায় স্থানীয় কৃষক জামাল উদ্দিনের মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটি। পরে স্থানীয়রা উদ্ধার করে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, নালায় মাছ ধরার জন্য জাল পেতেছিলেন স্থানীয় কৃষক জামাল উদ্দিন। সকালে গিয়ে তিনি দেখতে পান, তার মাছ ধরার জালে বিশাল একটি সাপ আটকে আছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে এলাকাবাসী সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বন বিভাগকে খবর দেয়।
মেরুং রেঞ্জ এর ডেপুটি কর্মকর্তা জাফর উল্লাহ জানান,খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে এসেছি। ৮ ফুট দৈর্ঘ্যের ৭.৮০০ গ্রামের এই সাপটি খাবারের খুজে লোকালয়ে চলে এসেছে। এটিকে আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি। নিরাপদ বনে সাপটিকে অবমুক্ত করা হবে।
ন্যাচার কনজারবেশন এলায়েন্স বাংলাদেশ এর সংগঠক হৃদয় বড়ুয়া জানান, খাগড়াছড়িতে লোকালয় থেকে এই প্রথমবার বার্মিজ পাইথন উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে এর উপস্থিতি রয়েছে। এটি সম্পূর্ণ নির্বিষ সাপ। সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে।