ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে নগরীর শিবু মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আরিফুল ইসলাম বলেন, আগামী দিনে বৃহত্তর পরিসরের নারায়ণগঞ্জ মহানগরকে সুসংগঠিত করে ইসলামী আন্দোলনের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে। তিনি দলের সকল দায়িত্বশীল নেতাকর্মীর প্রতি সংগঠনের আমীরের আনুগত্য, সময় ও সম্পদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ঘোষিত কমিটিতে মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম সভাপতি এবং মুহাম্মাদ সুলতান মাহমুদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে মুফতি মাসুম বিল্লাহ, মুহাম্মাদ নূর হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও হাফেজ আমীন উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে বিভিন্ন পদে সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ ও প্রকাশনা সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নির্বাচন ও জনপ্রতিনিধি বিষয়ক সম্পাদকসহ মোট ৪৫ সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সফলতা এবং সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।