বিনোদন প্রতিবেদক
বছর দুয়েক আগে স্বামী রাশেদ জামানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর এখনও সিঙ্গেল আছেন অভিনেত্রী – গায়িকা জিনাত সানু স্বাগতা। শোনা যাচ্ছে, তিনি দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। দ্বিতীয়বার বিয়ের তথ্য তিনিই জানিয়েছেন। এই মুহূর্তে স্বাগতা ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে আছেন। সেখান থেকেই তিনি গণমাধ্যমকর্মীদের তার পুনঃ বিয়ের কথা জানিয়েছেন। জানা গেছে, সেখানকার প্রয়োজনীয় কাজ শেষে কিছুদিনের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন। এরপর বছরের শেষে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
স্বাগতার ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, তার হবু স্বামীর হাসান আজাদ। তারা দুজন একসঙ্গে গান করছেন। ইতিমধ্যে দু’জনের গাওয়া কয়েকটি গান প্রকাশিত হয়েছে। হবু স্বামী প্রসঙ্গে স্বাগতা বলেন, আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।
এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর স্বাগতা ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। তারা টানা সাত বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের বছরখানেক পর খবরটি প্রকাশ্যে আসে। তখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল – বিচ্ছেদের বছরখানেক হয়ে গেছে, নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না ? স্বাগতা তখন বলেছিলেন, কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবনে চলার পথে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়।
স্বাগতার সেই কথার ১০ মাসের মাথায় জানা গেলো তার নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। কয়েক মাসের মধ্যেই সম্পর্কে জড়িয়ে পড়া মানুষটিকে বিয়ে করছেন।
নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও গত বছর অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও অভিষেক হয়েছে স্বাগতার। ‘কাইজার’ নামের একটি ওয়েব সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। সম্প্রতি তিনি নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। ‘দেয়ালের দেশ’ ও ‘অসম্ভব’ নামের ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।