ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে অপপ্রচার এবং মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা জৈনাটি গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে মোখছেদুর রহমান (৩৫) ১১ সেপ্টেম্বর শুক্রবার হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডির আবেদন সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১০টায় মোখছেদুর রহমান তার নিজ বাড়িতে অবস্থানকালে ফেসবুকের মাধ্যমে দেখতে পান যে, ‘Sheikh Ibrahim’ নামের একটি ফেসবুক আইডি এবং ‘মুখোশ টিভি’ নামক ফেসবুক পেজ থেকে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করে পোস্ট করা হয়েছে।
উক্ত পোস্ট ও ভিডিওর মাধ্যমে তার নামে অপপ্রচার চালানোসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর হিসেবে ০১৯৮১৩২৭০৮৫ উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করা হয়েছে।