ভোলায় বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা স্কাউটস ভবনের হলরুমে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউট কর্মকর্তাদের আর্থিক কার্যক্রমে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্কাউটসের কমিশনার ও প্রধান শিক্ষক আবু তাহের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (অর্থ) সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের উপপরিচালক, ভোলা জেলা রোভার স্কাউটসের সাবেক কমিশনার প্রফেসর অধ্যক্ষ পারভীন আখতার, জেলা স্কাউটসের সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু এবং জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জুন্নু রায়হান প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, জেলা ও উপজেলা স্কাউটসের কমিশনার, সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ মোট ৪০ জন স্কাউট কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় মূলত বাংলাদেশ স্কাউটসের অর্থ ব্যবস্থাপনার আইন, নিয়ম-শৃঙ্খলা এবং আর্থিক স্বচ্ছতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।