দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় নবনিযুক্ত সভাপতি ও প্রধান শিক্ষকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক সুলতান চৌধুরী রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হন। দায়িত্ব গ্রহণের পর ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকালে তিনি প্রথম বিদ্যালয়ে উপস্থিত হন। প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) শেষে প্রধান শিক্ষক মমিন উদ্দীন নতুন সভাপতিকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরবর্তী সময়ে সভাপতি সুলতান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে একদল বহিরাগত হঠাৎ তাঁর ওপর চড়াও হয়। তারা মাইক্রোফোন কেড়ে নিয়ে তাঁকে ধাক্কাধাক্কি ও মারধর শুরু করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা বাধা দিতে গেলে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হন। আহত সভাপতি সুলতান চৌধুরী বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম দ্রুত বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের শান্ত করে শ্রেণিকক্ষে ফিরিয়ে নেন এবং তাদের দাবির মুখে ঘটনা উদঘাটনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক মমিন উদ্দিন নিশ্চিত করেছেন যে, বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।