বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতির নামে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় জোটের চট্টগ্রামমুখী লংমার্চ নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গেছে। ওয়াদা করে তা রক্ষা না করায় জনগণ তাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় করতেই তারা রাজপথে নেমেছেন। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের মৌলিক প্রয়োজন নিশ্চিত করা এবং ঘরে ঘরে বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা করার দাবিও তাদের আন্দোলনের অন্যতম লক্ষ্য। ঐক্যবদ্ধভাবে পরিচালিত এ কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থাপিত অস্থায়ী মঞ্চের পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ জোটের অন্যান্য নেতারা।