বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ও মানবাধিকার ব্যক্তিত্ব মো. মঞ্জুর হোসেন ঈসা গত চার দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ জুলাই শনিবার সকালে তাঁর একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হবে।
গতকাল ৯ জুন বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন এই মানবাধিকার নেতাকে দেখতে যান রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
দীর্ঘদিন ধরে মানবাধিকার, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার আদায়ে মাঠে থাকা মঞ্জুর হোসেন ঈসা অসুস্থতার এই কঠিন সময়ে দেশ-বিদেশের অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা ও খোঁজখবরে গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
হাসপাতালের বেডে শুয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “অসুস্থ হওয়ার পর জীবনের এক গভীর সত্য নতুন করে উপলব্ধি করেছি। পৃথিবীতে এখনও অসংখ্য ভালো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে অন্যের বিপদে পাশে দাঁড়ান। মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। জীবনের অনেক কিছু মানুষ ভুলে যায়, কিন্তু বিপদের দিনে যারা পাশে থাকেন, তাঁদের এই ঋণ কোনোদিন ভোলার নয়।”
ইতিমধ্যেই তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডাঃ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এছাড়া রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন জেলার শুভানুধ্যায়ীরা নিয়মিত তাঁর খোঁজ নিচ্ছেন এবং হাসপাতালে এসে সাহস জোগাচ্ছেন। দেশের বেশ কিছু স্থানে তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।
আগামী শনিবারের অপারেশন যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন মো. মঞ্জুর হোসেন ঈসা। মহান আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও মানুষের সেবায় ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।