রংপুরের পীরগঞ্জে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরিতে বাধা দেওয়ায় কৃষক মফিজার রহমানকে হত্যা মামলার এক আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ জুলাই) র্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া মো. রশিদ মিয়া (৪২) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জানগ্রাম গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ৭ মে রাতে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামে নিজ জমিতে স্থাপিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গভীর নলকূপের সেচ ট্রান্সফরমার পাহারায় ছিলেন কৃষক মফিজার রহমান। পরদিন সকালে পরিবারের সদস্যরা সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতর থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রান্সফরমার চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই মনুয়ার হোসেন বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার তদন্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১২, বগুড়ার যৌথ আভিযানিক দল গত ১২ জুলাই রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি রশিদ মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।