মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা (মানসিক ভারসাম্যহীন) ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল অনুমান ৬:১৫ ঘটিকার সময় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ৪ নম্বর ফেরিঘাট এলাকা থেকে হঠাৎ নদীতে পড়ে যান এবং স্রোতের টানে ভাসতে থাকেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ডিউটিরত পাটুরিয়া নৌ থানার এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উদ্ধারে নামেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পাটুরিয়া সোলার প্যানেলের সম্মুখে যমুনা নদী থেকে তাকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
নৌ পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক না থাকায় এখন পর্যন্ত তার নাম বা ঠিকানা জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।