পটুয়াখালী সদর উপজেলার সাবেক ও মির্জাগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্তের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার সদ্য বিদায়ী বর্তমান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইউএনও রওজাতুন জান্নাত সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাপক অনিয়ম কমিশনের বিনিময়ে বৈধতা দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শতভাগ বিল প্রদান করেছেন। অন্যদিকে, মির্জাগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও শেখ মোঃ রাসেল উপজেলার খাল খনন প্রকল্পের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সরাসরি অভিযুক্ত।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে যোগাযোগ করলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত দুই ইউএনও এবং তাঁদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির অভিযোগটি প্রয়োজনীয় পর্যালোচনার পর কেন্দ্রীয় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কমিশন থেকে অনুমোদন পাওয়া মাত্রই অভিযুক্ত এ দুই কর্মকর্তা ও জড়িত অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা ও সচেতন নাগরিক সমাজ দ্রুত তদন্ত শেষ করে দুর্নীতিতে জড়িত এসব সরকারি কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।