সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটি’। সংগঠনের উদ্যোগে দোহাজারী এলাকার প্রায় ২০০টি বন্যার্ত ও পানিবন্দী পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১১ জুলাই শনিবার দোহাজারীর বিভিন্ন প্রত্যন্ত বন্যাদুর্গত এলাকায় ঘুরে ঘুরে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু,পেয়াজ, খাবার স্যালাইন, এবং প্রয়োজনীয় সামগ্রী।
রাণ বিতরণকালে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষ বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি রক্তদাতা সংগঠন হলেও, যেকোনো সামাজিক ও মানবিক সংকটে আমরা সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বন্যার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা আশা করি।
এাণ পেয়ে স্থানীয় এক বাসিন্দা আবেগাপ্লুত হয়ে বলেন, চারপাশে পানি উঠে ঘরে খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছিল। এই কঠিন সময়ে দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটির তরুণরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের খাবার দিয়েছে। আল্লাহ তাদের মঙ্গল করুন।
এছাড়া সংগঠনের সদস্যরা বলেন, আগামীতেও তাদের এই ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও এই দুর্যোগে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে দোহাজারী কাউন্সিলর পদ প্রার্থী আরিফুল ইসলাম সুমন ও দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।