খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান কবাখালী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় কবাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
মতবিনিময় সভায় ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ‘পাহাড়ি অঞ্চলের নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য এবং সুনাগরিক গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাহাড়ের আর্থসামাজিক উন্নয়নে কৃষি ও জুম চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও পড়াশোনার পরিবেশ তৈরি করা জরুরি। তবেই টেকসই উন্নয়ন সম্ভব হবে।’ সভাপতির বক্তব্যে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, ‘ইউনিয়ন পরিষদ হচ্ছে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নকে টেকসই করা সম্ভব।’
তিনি নবাগত ইউএনও-কে স্বাগত জানিয়ে বলেন, ‘স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা গেলে পাহাড়ি জনপদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যাবে।’
সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জগদীশ চাকমা। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্গম এলাকাগুলোতে সরকারি সেবা সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদের কার্যকর ভূমিকা দরকার। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আরও গতি আনা প্রয়োজন।
সভা শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।