জুলাইয়ের খুনিদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয়। পরে মিশন মোড় গোল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জনগণের গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তারা জুলাইয়ের খুনিদের ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচারের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের আহ্বান জানান তারা।
সমাবেশে আরও বলা হয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।